Wednesday, July 19, 2017

হেমন্তের কবিতা -- রাজীব

উৎস
আমার ব্যালকনিতে কুয়াশা এলে
আমি তার দাস হয়ে উঠি
জলের প্রতিটি বিন্দু শাসনের
আঙ্গুল দেখায়।
ধ্রুপদী ছন্দ তবু
কিছু কথা বলে যায় কানে।
একফালি হেমন্তের রোদ
উঁকি মারে ভালবাসা হয়ে।
ঋতুচক্রের মতো
লুকোচুরি খেলে যায় মন।
ফাঁদ পাতা হিসেব
ফিরে আসে গ্রীষ্মের দহন বেলায়।
তৃষ্ণার্ত কন্ঠে তখন চেয়ে থাকি
আকাশের নীলে।
আমার ব্যালকনিতে কুয়াশা এলে
তুমি তার দেবী হয়ে ওঠো।

Monday, March 13, 2017

পিতামহের প্রতি -- রাজীব


উৎস


পিতামহ,
তোমার ক্রোধাগ্নি ছড়িয়ে পড়ুক
নক্ষত্রের শিরা উপশিরায়।
মহাকাশের নাভিমূলে ফুটে উঠুক
একান্নটি একান্নবর্তী সংসারের পৃথিবী।
প্রথম পঞ্চাশটিতে থাক শান্ত শ্বেত শুভ্র মনুষ্যকুল।
আর একান্নতম গ্রহটি হোক কুরুক্ষেত্রের যুদ্ধস্থল।
কুরু বা পাণ্ডব বুঝিনা, আমি শুধু
সেই জীবন যুদ্ধের সৈনিক হতে চাই।

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই