Thursday, July 4, 2013

ঋতুবিতান -- রাকা



মুখের যে পাশটায় রোদ পড়ে, সেখানটা চিরসবুজের দেশ। উল্টো দিকটা, স্বভাবতই তুন্দ্রা অঞ্চল।

আজকাল গ্রিল বেয়ে প্রায়ই কিছু না-শীত, না-বসন্ত আশ্চর্য ছায়া নেমে আসে। যারা তাদের চেনে না, তারা ভাবে উল্টোদিকের মাধবীলতা গাছটুকুর ছায়া হয়তো বা। কিন্তু রোদচশমা দিয়ে দেখলে বোঝা যায়, ওরা এক অচেনা প্রজাতি। তাদের হাতে, চুলে, কোমরবন্ধনীতে অন্ধকার সব আকর্ষ, আর কোষের ভেতরে হাজার হাজার বছরের ঘুম। 


তোমারও আছে আয়নাজোড়া আঁখি
নিজেকে বেঁধা লক্ষ সূচিমুখে 
নিজে নিজের হত্যাকারী সেজে
দুঠোঁটে নীল এঁকেছ কৌতুকে

দুই ভ্রূর মাঝখান দিয়ে খাড়া উঠে গেলে আগ্নেয় পাহাড়। উজ্জ্বল টিপ সেখানে দিনরাত্রি কমলারঙের শিখায় জ্বলতে থাকে। অথচ সবাই ভাবত, ও বুঝি মৃত আগ্নেয়গিরি। আর সেই সুযোগে সে আগুনে শান দিয়েছে একটু একটু করে ...


Monday, October 31, 2011

চশমা – খুকি -- রাকা


চৌকোণা এক পদ্ম-পুকুর, চারদিকে তার পদ্য ঠাসা
সেই যে দেশে চারচোখা এক চশমা-খুকির ছোট্ট বাসা।

Thursday, September 29, 2011

রাতবিরেতে -- রাকা


এমনি করেই রাত যদি হয় বাৎ যদি হয় দিনদুনিয়ায়
নৈশ ছাদে কাৎ হয়ে আজ এক পা-দু পায় দিন গুনি আয়।
নেশায় নেশায় বাঁই বনাবন ঘুরবে যখন এই পৃথিবী।
হাত-বেহাতেই নাচতে থাকুন ইস্কাবনের টেক্কা-বিবি।
ঠ্যাং দোলাবেন দস্যি হাওয়ায় মাঘ-ফাগুনের কৃষ্ণচূড়া
মিলন্তি রং মিললে তখন খুন্তি নাড়েন দিগ বধূরা।
ঠানদি হাতের হাণ্ডিকাবাব-- বজ্র- বাঁধন ফস্কা গেরো
আলতো হাতে ঢাল তো পাতে--- আর কি ভাবিস সাতসতেরো?
কেউ কি জানিস, আমরা কজন এই ছাদে এই রাতবিরেতে
রোজ আসি আর ভোজ সেরে রোজ জ্যোছনা জমাই ছাঁকনি পেতে!
আধমিনিটের চাঁদনী মিতে, নয় তো নেহাৎ সস্তা সে যে
রোজের হিসাব করছি দাখিল দলিল এবং দস্তাবেজে।
টিফিন- ক্যারি উপচে যেদিন জমবে আলো রাতদুপুরে
আমরা চাঁদের হাট বসাবো গঞ্জে- গাঁয়ে শহর জুড়ে।

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই