![]() |
| উৎস |
-------------------------
এখন সকাল শেষ হওয়ার আগে
দু'চারটে পাখি আসে খুদকুঁড়ো লোভে
ফ্যানের বাতাসে ঘরে ঢুকে পড়ে
সেসব পাখির ছায়া দেওয়ালে ভাসে
তারা গান শোনে গল্প করে হাতের আঙুলে
লেখার টেবিলে ছটফট করে
জেনে নিতে চায়--
শেষ কবে আফ্রোদিতির সঙ্গে আমার
দেখা হয়েছিলো।
আফ্রোদিতি রিভিজিটেড (২)
--------------------------
জল জমে আছে। গর্ত আর কাদা পার হয়ে হেঁটে চলা। কতদিন আগে এসব পথে রোদ্দুর উঠতো। হাওয়া ঝলমলে দিন ছিলো সব। বব মার্লের গীটার শোনা যেত সন্ধেবেলা। কয়ামৎপুরের বাড়ির উঠোনে আহির ভৈরবী। ট্যাটু থেকে উঠে আসতো টগবগে এক ঘোড়া। জ্যৈষ্ঠ দিনে দেখি নাই ফিরে আর লাল ধুলো। সেসব এক দিন ছিলো। যখন চারপাশে মায়া আর মায়া। রাতট্যাক্সির আলোয় উৎসব। বাইরে তুমুল মৌসুমি হাওয়া। অবুঝমাড়ের জঙ্গল আর শ্বাপদ আড়বাঁশি।
এখন রাস্তা পার হয়ে ফিরে যাওয়া। অন্য বাতাসে এখন ফুলের গন্ধ।
পরিত্যক্ত অক্ষর কলোনি ছেড়ে আফ্রোদিতি চলে গেছে অনেকক্ষণ।

